

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (১জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে প্রথমে ইয়াসে ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আর্তমানবতার সেবায় যেকোন দুর্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। তারই ধারাবাহিকতায় ঘূর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকট বা অসুস্থ্য হয়ে না পড়ে সেজন্য রেডক্রিসেন্ট রেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে ভোলা জেলার উপকুলীয় উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন।

ত্রাণ বিতরণের সময় মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম,উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরীসহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের মাঝে চিনি, চিড়া, বিশুদ্ধ পানি, সাবান, বিস্কুট, সার্জিকাল মাস্ক, স্যালাইন, ফুড প্যাকেজ, হাইজিন প্যাকেজ ও তারপলিন বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য একই দিনে উপজেলার মনপুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি ২ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম।









