সীমানাপ্রাচীর ভেঙে দিলেন করিম মিয়া, প্রতিবেশীদের বাধায় রক্ষা

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে করিম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার সকালে কয়েকজন লোক নিয়ে তিনি এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন স্থানীয় প্রতিবেশীরা। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে দখলচেষ্টার অপপ্রয়াস রুখে দেওয়া হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বদরগঞ্জের সততা সারের দোকানের স্বত্বাধিকারী করিম মিয়া কয়েকজন লোক নিয়ে শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের বসতবাড়িতে গিয়ে সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে ফেলেন। ঘটনার সময় বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। সরকারি চাকরির সুবাদে তিনি সপরিবারে প্রায়ই খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাড়িতে অবস্থান করেন।

এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম ও সাফিকুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর আগে তাঁদের বাবার কাছ থেকে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান ওই বসতভিটা কিনেছিলেন। তাঁদের অভিযোগ, মালিকের অনুপস্থিতিতে করিম মিয়া লোকজন নিয়ে অন্যায়ভাবে সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। পরে স্থানীয় নারী-পুরুষ প্রতিবেশীরা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে প্রাচীরের বাকি অংশ ভাঙতে পারেননি তাঁরা।

প্রতিবেশীরা এ ঘটনাকে নিন্দনীয় ও আপত্তিকর উল্লেখ করে বলেন, এভাবে জবরদখলের চেষ্টা করে এলাকায় বিরোধ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রতিকার দাবি করেন।

বাড়ির মালিক ও প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা! আমরা এই সমাজে কতটা নিরাপদ?’

তিনি জানান, কয়েক মাস আগে করিম মিয়া তাঁর গ্রামের বাড়িতে গিয়ে বাড়িটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। বর্তমানে তাঁর ভাগনে, বড় শ্যালিকার ছেলে অধ্যাপক মনিরুজ্জামান সুমন এক সপ্তাহ ধরে বাড়িটির সংস্কারকাজ তদারকি করছেন। এর মধ্যে গত শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশীর মাধ্যমে মোবাইল ফোনে তিনি জানতে পারেন, করিম মিয়া লোকজন নিয়ে এসে ভোরে তাঁর বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছেন।

খন্দকার হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। কারও সঙ্গে বিবাদে জড়াতে চাই না। যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টির প্রতিকার ও নিরসনে ব্যবস্থা নেব।’

তিনি জানান, তাঁর সাংবাদিক বন্ধুরা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিডিও ধারণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন। তাঁর দাবি, করিম মিয়া সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি অকপটে স্বীকার করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ ও নিন্দা জানান আমাদের সময়-এর প্রতিনিধি মাহাবুবার রহমান বিপ্লব, গ্লোবাল চ্যানেলের প্রতিনিধি নুরুন্নবী নুরু, আমার দেশ-এর প্রতিনিধি এম এ ছালাম বিশ্বাস, নাগরিক চ্যানেলের প্রতিনিধি ইশতিয়াক আহমেদ রিফাত এবং দৈনিক বাংলার আলো-এর প্রতিনিধি সোহেল রানা।

স্থানীয় বিএনপি নেতা ও সাংবাদিক শ্যামল লোহানী ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বদরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাহো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফেরদৌস আলী এবং মানবজমিন-এর সাংবাদিক মেজবাহুল ইসলাম সবুজও বাড়ি জবরদখলের চেষ্টার নিন্দা জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy