পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যুবকের লাশ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা আজিম উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

২৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদীর পাশে একটি খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আজিম উদ্দিন উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক আজিম উদ্দিন গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে ডাঙ্গাপাড়া এলাকার গবরারপাড় এলাকায় এক ব্যক্তি ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের জানালে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই যুবকের হা-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে যুবককে হত্যা করে এ স্থানে ফেলে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রহস্য উদঘাটনের আমরা মাঠে নেমেছি।

You might like