‘ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে’

গোলাম নবী খোকনঃ
মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে হযরত আরিফ উল্ল্যাহ (রা.) ও হযরত কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের আয়োজনে মানবতার অগ্রদূত, বিশ্ব জাহানের বিশ্বনেতা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনের খুশির দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ক্বাসিদা পরিবেশন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ছোটহলদিয়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে রাসূলের শানে ক্বাসিদা পরিবেশন করেন নেদায়ে ইসলাম আশিক শিল্পী গোষ্ঠির দলের সদস্য ও বিভিন্ন শিক্ষার্থীরা। তাদের মধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা ও নাতে রাসূল (সা.) এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

সভার সভাপতিত্ব করেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। প্রধান বক্তা ছিলেন, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমদ উল্ল্যাহ।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দানেশ বলেন, ‘নবীর জন্মদিন নিয়ে না’ত সন্ধ্যার আয়োজন খুবই প্রশংসিত একটি কাজ। শিল্পীদের কণ্ঠে রাসূলের শানে না’ত শুনে বেশ ভালোই লাগছিল। এরকম ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে ভালো পথের জাগরণ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমরা মুসলমান। আমাদের ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে। যারা প্রকৃত ইসলাম লালন করেন তারা কখনোই উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখেন না। আমাদের নবীজী তাঁর আদর্শ দিয়ে ইসলামের পথে পথহারা মানুষকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। কাজেই আমরাও নবীর আদর্শ মেনে নিজের জীবন আলোকিত করব।

এসময় প্রকৌশলী নূর মোহাম্মদ, মো. বশির সরকার, সমাজসেবক ফখরুল ইসলাম সরকার, মুসা সরকার, ইউপি আব্দুল হালিম মরকার, সালাউদ্দিন প্রধান, গোলাম কাদির, মো. জিলানী, ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, নাছির উদ্দিন মুন্সি, সফিকুল ইসলাম পাটোয়ারী সহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ উল্ল্যাহ। পরে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy