

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘ক্যারিয়ার কম্পাস’ এর দ্বিতীয় সেমিনার। সোমবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজে আয়োজিত উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আয়োজন “ক্যারিয়ার কম্পাস” সেমিনারটির আয়োজন করেন- শিক্ষার্থী দক্ষতা উন্নয়নমূলক সংগঠন “ক্যারিয়ার এইড চাঁদপুর”। প্রায় ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান অপু।
সংগঠনের কো-অর্ডিনেটর আঁখি আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ দিলিপ চন্দ্র দাস।

তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে দক্ষতা উন্নয়ন এর বিকল্প কিছুই নেই। শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, তাই ছেলেদেরও এক সাথে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়ন অনেক জরুরি”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম টিপু। পড়াশোনার পাশাপাশি আইটি সেক্টরে দক্ষতা বৃদ্ধি ও AI – Artificial Intelligence কে ব্যবহার করে নিজের দৈনন্দিন জীবনে কিভাবে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে এবং AI কে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ক্যারিয়ার এইড চাঁদপুর এর সভাপতি মেহেদী হাসান অপু। তিনি বলেন এ আই ব্যবহারের ক্ষেত্রে মানুষের সৃজনশীলতা থাকতে হবে ৮০% এবং ২০% হতে হবে এআই এর উপর।
শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ সাকিব। অনুষ্ঠানের অংশ হিসেবে ‘লিডার্স সার্চিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিগণ। পরবর্তীতে প্রধান ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্যারিয়ার এইড চাঁদপুরের সভাপতি মেহেদী হাসান অপু। অনুষ্ঠান শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থভিউ লার্নিং সেন্টার-এর ব্যবস্থাপক আফসার উদ্দিন।
“ক্যারিয়ার কম্পাস” সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে। ক্যারিয়ার এইড চাঁদপুর ধারাবাহিক ভাবে জেলার ১৫টি কলেজে এমন আয়োজন করবে বলে জানান প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। এর আগে জেলায় প্রথমবারের মতো গত ১ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫













