

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো আজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের।

সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।
ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে মোট ২৮টি। আর ২৮টি পদের মধ্যে সদস্যপদ হলো ১৩টি।
এই ১৩টি সদস্যপদে জয়ী হলেন, সাবিকুন নাহার তামান্না, তিনি পেয়েছেন ১০ হাজার ৪৫৬, সর্ব মিত্র পেয়েছেন ৮ হাজার ৯১৬, ইমরান হোসাইন পেয়েছেন ৬ হাজার ২৪০, আফসানা পেয়েছেন ৫ হাজার ৭০০, রায়হান পেয়েছেন ৫ হাজার ৬০০, মিফতাউল মারুফের ৫ হাজার ৩৪০, তাজিনুর পেয়েছেন ৫ হাজার ২৪০, আনাস ইবনে মুনীর পেয়েছেন ৫ হাজার ১৪০, হেমা চাকমা পেয়েছেন ৪ হাজার ৯০০, রাইসুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫০০, শাহীনুর রহমান পেয়েছেন ৪ হাজার ৩৯০, রাফিয়া পেয়েছেন ৪ হাজার ২০৯ আর বেলাল হোসেন অপু পেয়েছেন ৪ হাজার ১২৭ ভোট।
এরমধ্যে হেমা চাকমা ও রাফিয়া স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবিরের প্যানেলের।
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫













