

সজীব খান, চাঁদপুর :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক জমকালো মাদ্রাসা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহাজান মাদানী।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমের আলোকবর্তিকা জ্বালিয়ে রাখছে। শিক্ষার্থীদের চরিত্র গঠন, সমাজে সুশৃঙ্খল পরিবেশ তৈরি এবং তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে মাদ্রাসা শিক্ষকদের অবদান অনন্য। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। তাই রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদার ক্ষেত্রেও তাদের সমান অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।”
তিনি আরো বলেন, সরকারি-বেসরকারি শিক্ষক বেতন কাঠামোয় বৈষম্য দূর না হলে শিক্ষাব্যবস্থায় ভারসাম্য আসবে না। শিক্ষকদের সন্তুষ্টি ছাড়া মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব নয়। এ জন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ রাখা এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ওপর জোর দেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হুসেন মিয়াজী এবং সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও মাদ্রাসা-ই-মোহাম্মদিয়া আরবিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ছগীর হোছাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, ভুলদিঘী কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন, ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, শাহাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, ভুলদিঘী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ তৈয়বুল রহমান, আল-আমিন মহিলা মাদ্রাসার সুপার মোঃ হাফিজুর রহমান সহ আরো অনেকে।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা মোঃ ছগীর হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা নূর মোহাম্মদ খান।
চাঁদপুর জেলার ৮ উপজেলার শত শত মাদ্রাসা শিক্ষক এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫













