

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরের নির্বাচনকালীন পরিবেশ খুবই সন্তোষজনক । এখন পর্যন্ত কোন প্রার্থী আমাকে ফোন দিয়ে কোন অভিযোগ জানায়নি।
প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, নিজেকে নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার উপায় হচ্ছে প্রশিক্ষণ। সাংবাদিকরা নানা বিষয় পড়াশোনা করলেও প্রশিক্ষণের কারণে যেকোনো বিষয়ে খুব অল্প কথার মাধ্যমে জাতির কাছে চমৎকার বিষয় উপস্থাপন করতে পারেন।
নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনকালীন সময়ে আপনারা অবশ্যই চাঁদপুরের জন্য নিউজ করবেন। এক্ষেত্রে কোনো বিষয় যদি আমার বিরুদ্ধেও যায় তাতেও কোন সমস্যা নেই। সংবাদ করার আগে সংশ্লিষ্টদের সাথে কথা বলে যদি সমাধান করা যায় তাহলে সেটাই উত্তম। সাংবাদিকদের লেখার কারণে আমি দেখি এবং শিখি। নির্বাচনকালীন যেই বিধি রয়েছে তা অবশ্যই আপনারা জানেন এবং মেনে চলবেন।
তিনি বলেন, ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা এবং অংশীজন রয়েছেন সকলের কার্যক্রম এবং আচার ব্যবহার একই রকম নাও হতে পারে, এসব বিষয়গুলো বুঝেই আমাদের কাজ করতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে আরো প্রশিক্ষণ প্রয়োজন হলে অবশ্যই আমি সংশ্লিষ্টদের সুপারিশ করব।
পিআইবি গবেষক ও সমন্বয়কারী ছিদ্দিক ফারুক বলেন, এই প্রশিক্ষণটি মূলতঃ আপনারা ভোটকেন্দ্রে কিভাবে কাজ করবেন, জনগনের কাছে কিভাবে সঠিক তথ্য তুলে ধরবেন সে বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে করার লক্ষে আজকের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ। চাঁদপুর প্রেসক্লাব সারাদেশ একটি মডেল। এখানে সাংবাদিকরা পেশাদারিত্ব নিয়ে কাজ করে। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে চাঁদপুরে এমন একটি ট্রেনিংয়ের ব্যাবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়, পিআইবি এবং চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পিআইবির প্রতি আহ্বান জানান তিনি।
আগামীতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করবে চাঁদপুর প্রেসক্লাব। যেসব পেশাদার সাংবাদিক আজকে প্রশিক্ষণে সুযোগ পায়নি,তাদেরকে আগামীতে সুযোগ দেওয়া হবে।ধারাবাহিক ভাবে সকল সাংবাদিক প্রশিক্ষণের আওতায় আনা হবে।
দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রয়েছেন পিআইবির গবেষক ও সমন্বয়কারী সিদ্দিক এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। এর আগে ৪ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর সার্কিট হাউসে পিআইবির ছিদ্দিক ফারুক’কে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.













