ইয়াশের তান্ডবে মেঘনায় ৫৩ জীবিত মহিষ

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ৫৩ টি জীবিত মহিষ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে আসে। উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের দক্ষিনা হাওয়া সী-বিচ এলাকা থেকে এসব মহিষ উদ্ধার করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৩ টায় ও শুক্রবার (২৮ মে) সকাল ১০ টায় এসব মহিষ মেঘনা নদীর জোয়ারের স্রোতে মনপুরা উপকূলে ভেসে আসে।

উদ্ধারকৃত মহিষগুলো স্থানীয় দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্লাহ কাজলের মাধ্যমে স্থানীয় গবাদী পশুর ফাঁড়ির জিম্মায় রাখা হয়। এরমধ্যে উপজেলার ঢাল চর, কলাতলরি চর ও পাশর্^বর্তী হাতিয়া উপজেলার মহিষের একাধিক মালিকগন এসে পরিচয় নিশ্চিৎ করে ৪৪ টি মহিষ নিয়ে যান বলে নিশ্চিৎ করেন ফাঁড়ির ইজারাদার খলিল প্যাদা। বাকী ৯ টি মহিষ এখনো দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর পঁচা কোড়ালিয়া ফাঁড়িতে রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে তারা উপজেলার দখিনা হাওয়া সী-বিচে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে কিছু মহিষ ভাসমান অবস্থায় দেখতে পায়। তারা স্থানীয় মানুষের সহযোগিতায় মহিষগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পরে তারা মহিষগুলো স্থানীয় গবাদী পশুর ফাঁড়িতে জমা দেন।

এব্যাপারে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জানান, মহিষ গুলো ফাঁড়িতে রয়েছে। যারাই মালিকানা দাবী করবেন তারাই থানায় সাধারন ডায়েরী করে আসতে হবে। এবং মহিষের সকল তথ্য পরিচয় নিশ্চিৎ না করা পর্যন্ত কাউকে মহিষগুলো দেয়া হবে না।

You might like