

সাইদ হোসেন অপু চৌধুরী :
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ চাঁদপুরে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ে বিভিন্ন আলোচিত ও ক্লুলেস হত্যাকাণ্ডের তদন্ত করে ব্যাপক মুন্সিয়ানা দেখিয়েছেন। শুধু মামলার তদন্তেই নয়, জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের আওতায়ও এনেছে তিনি।

পুলিশের বিশেষায়িত এই ইউনিটের সফলতা ও দক্ষতা এখন সবার নজর কেড়েছে। পুলিশের অন্য বিভাগগুলো যখন কোনো মামলার তদন্তে নেমে কূল-কিনারা করতে পারেনি, তখন পিবিআই সেটি হাতে নিয়ে খুব অল্প সময়েই রহস্য উন্মোচন করেছে। কোনো হত্যার কারণ, জড়িত ব্যক্তির পরিচয়, তাকে দ্রুত শনাক্ত এবং পুরো ঘটনার আদ্যোপান্ত বের করে এনে চমক দেখিয়েছে।
২০২২ সালের ২০ শে ডিসেম্বর পিবিআই চাঁদপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন মোঃ মোস্তফা কামাল রাশেদ। গত এগারো মাসে তার হাত ধরেই উঠে এসেছে- মতলব দক্ষিণের দেলোয়ার হোসেন মিলন হত্যা মামলা, শাহারাস্তি উপজেলার পোড়া মাসুদ হত্যা মামলা, মতলব উত্তর থানার নোয়াখালীর পলি আক্তার হত্যা মামলা, হাজীগঞ্জে কামরুল হত্যা মামলা, হাজিগঞ্জে প্রকৌশলী বাপ্পি হত্যা মামলা,মৈশাদীতে চাঞ্চল্যকর গোপালগঞ্জের গৃহবধূ শীলা খানম হত্যা মামলা, অটোরিকশা চালক আরমান হত্যা মামলাসহ সাতটি ক্লুলেস খুনের কিনারা।
সম্প্রতি পিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া, কর্মকৌশল, সাফল্য ও নানা বিষয়ে কথা বলেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, পিবিআই নিজেই জটিল রহস্য উদঘাটন করে, পিবিআই নিশ্চিত তথ্য, সাক্ষ্য-প্রমাণ না পাওয়া পর্যন্ত হাল ছাড়ে না। কারণ নীবিড় তদন্ত করাই আমাদের কাজ।’ আমাদের কাছে যখন একটি হত্যা মামলা আসে, তখন প্রথমে সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। প্রতিটি মামলা আমরা খুব দায়িত্ব সহকারেই তদন্ত করি। তবে পিবিআই না পারলে ধরে নিতে হবে, আর কেউ পারবে না। সুতরাং পিবিআই’ই শেষ ভরসা। আর সেই মোতাবেক পিবিআই শেষ চেষ্টা দেখানোর জন্য সর্বাত্মকভাবে কাজ করে। চাঞ্চল্যকর সব মামলার তদন্ত করার বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছে পিবিআই। এই অভিজ্ঞতা এখন সব মামলার ক্ষেত্রেই আমাদের কাজে লাগে।
তিনি বলেন, একেবারে গ্রামগঞ্জে গিয়ে আমরা তদন্ত করে মামলার জট নিরসন করছি। নিঃসন্দেহে অন্যান্য তদন্তকারী সংস্থাগুলোর থেকে পিবিআই আলাদা। পিবিআই’র কাজের ধরন, সাফল্য ও কৌশল ভিন্ন। পিবিআই এখন এমন একটি সংস্থায় রূপ নিয়েছে যেখানে অফিসার থেকে শুরু করে একজন কনস্টেবল পর্যন্ত সবাই ২৪ ঘণ্টা তদন্ত কাজে নিজেদের ব্যস্ত রাখেন। কেননা নির্দিষ্ট সময় পর পর মামলার অগ্রগতির বিষয়ে জবাবদিহিতা করতে হয়। সকল পক্ষের কথা শুনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পুলিশ রিপোর্ট দিতে পিবিআই কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার বলেন, বিশেষ এক পদ্ধতি উদ্ভাবন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। একটি সফটওয়্যারের মাধ্যমে অল্প সময়ে শনাক্ত হবে যে কোনো মানুষের আসল পরিচয়। ফলে কোনো অপরাধী গ্রেফতার হয়ে ভুয়া নাম-ঠিকানায় পার পেতে পারবে না। এ পদ্ধতি সহজেই সন্দেহভাজন ব্যক্তির সঠিক পরিচয় শনাক্ত করতে পারে। তাছাড়া এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নাম-পরিচয়হীন লাশের পরিচয়ও শনাক্ত করা যায়।
কেমন এই সফটওয়্যার সম্পর্কে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার বলেন, এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে দুই বছরের বেশি সময় লেগেছে। এ সফটওয়্যারটির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দ্বারা অটোমেশন পদ্ধতিতে ফিংগারপ্রিন্ট এর মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। যার পরিচয় শনাক্ত প্রয়োজন, এই সফটওয়্যারের মোবাইল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে প্রথমে তার হাতের আংগুলের ছাপ সংগ্রহ করা হয়। এটাকে আমরা লাইভ ফিঙ্গারপ্রিন্ট বলি। ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পর ওই সফটওয়্যারটি তা কনভার্ট করে পিবিআই সদর দফতরে অবস্থিত ‘সেন্ট্রাল অ্যাপ্লিকেশন সার্ভারে’ প্রেরণ করে। পিবিআই সদর দফতর ল্যাব থেকে এ ফিঙ্গারপ্রিন্ট চলে যায় নির্বাচন কমিশনে রক্ষিত ‘ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজে’। এরপর রিড করতে শুরু করে। মুহূর্তেই খুঁজে বের করে ওই ব্যক্তির ছবি, ঠিকানাসহ সব তথ্য এবং তা নিয়ে চলে আসে পিবিআই সদর দফতরের ল্যাবের সার্ভারে। এখানে রেকর্ড জমা রেখে ফিঙ্গারপ্রিন্ট যেখান থেকে পাঠানো হয়েছিল, সেই মাঠ পর্যায়ের মেশিনে চলে যায়। জানিয়ে দেয় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়েছে। এভাবে মাত্র ২/৩ মিনিটের মধ্যে আমরা কাজটা সারতে পারি।
মোস্তফা কামাল রাশেদ ২০১৫ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পিবিআই হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম এন্ড ফরেনসিক হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। কাজের স্বীকৃতি স্বরুপ তিনি ইতালিতে একবার, ভারতে দুইবার, থাইল্যান্ডে দুইবার তদন্ত বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসিত।
উল্লেখ্য, ২০১২ সালে ১৮ সেপ্টেম্বর পুলিশ এ্যাক্টের একটি ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি আধুনিক ও নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৬ সালের ৫ জানুয়ারী থেকে মামলা তদন্ত কার্যক্রম শুরু করে।







