পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলায়মান আলী, পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা ভাই-চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাই-চেয়ারম্যান লক্ষ্মী রানী, অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এসময় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৫২ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা, ষষ্ঠ থেকে আষ্টম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা, নবম থেকে দশম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার পাঁচশত টাকা, এছাড়া ১৮ জন শিক্ষার্থীকে আট হাজার টাকা করে প্রতিজনকে শিক্ষা বৃত্তি এবং শিক্ষা উপকরণ বাবদ ২ লক্ষ টাকা, বাইসাইকেল ৫০টি এবং ২৫টি বাড়ী নির্মাণ ব্যয়সহ মোট ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

এর আগে মন্ত্রী বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে কন্যারত্নদের জন্য ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন। বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আত্মরক্ষার প্রাথমিক কলাকৌশল হিসেবে ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণের কলাকৌশল দেখান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্শাল আর্ট প্রশিক্ষক ড. ম্যাক ইউরি বজ্রমুণি ও ক্যাপ্টেন শাহনাজ।

You might like