ফেসবুকে অন্তরঙ্গ ছবি ভাইরাল,বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার কারণে ক্ষোভে মাদারীপুর জেলার শিবচরে স্কুলছাত্রী লিপি আক্তার(১৭) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহত লিপি পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের যুবক রনি বেপারীর সঙ্গে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে স্কুলছাত্রী লিপি আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছেলের পক্ষের বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পক্ষ প্রত্যাখান করে।

তারপর থেকেই বখাটে যুবক রনি বেপারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকের ‘নিঝুম রাতের নিল পরি’ নামে একটি আইডিতে প্রেমিকার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে। ছবিগুলো অল্প সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

এই পরিস্তিতিতে মানসিক যন্ত্রণা এবং ক্ষোভে গত শুক্রবার সন্ধ্যায় লিপি তার ঘরে থাকা বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকা নেয়ার পর রবিবার সকালে লিপি মারা যায়।

এলাকার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘নিঝুম রাতের নিলপরি’ নামের ফেক ফেসবুক আইডিটি রনি বেপারী নামে এক যুবক পরিচালনা করতো। রনি মেয়েটির বড় বোনের জামাইয়ের ছোট ভাই। এ কারণে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। তবে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ মাদারীপুর মর্গে পাঠান।

এই নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিহতের পরিবার ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। তবে এলাকাবাসী বিষয়টি জানেন।

নিহতের চাচা ইউসুফ রাজি বলেন, ‘আমার ভাতিজি লিপি আক্তারের ছবি ফেইসবুকে ভাইরাল হওয়ার কারণে দুদিন আগে সে বিষাক্ত পদার্থ পান করে। রবিবার সকালে সে ঢাকায় মারা গেছে।’

নিহতের মা হিরন বেগম বলেন, আমার মেয়েকে এর আগে ওই বখাটে রনির পরিবার বিয়ের প্রস্তাব দেয়। আমার এক ভাগ্নিকে ওই বাড়িতে ওরই (রনি বেপারীর) চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দেয়ায় আমরা সেখানে আত্মীয় করতে চাইনি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের কিছু ছবি ফেইসবুকে ছেড়ে দেয় এবং ছবিসহ আরো ভিডিও ফেইসবুকে ছাড়ার হুমকি দেয়। তবে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শিবচর থানার উপ-পরিদর্শক রহমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দুবাই প্রবাসী দুলাল ফরাজির মেয়ে লিপি আক্তার গত শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে থাকা বিষাক্ত দ্রব্য পান করে। লিপি আক্তার গুরুতর অসুস্থ হলে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকা নেয়ার পর রবিবার সকালে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, লোক মারফত খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার পর থেকে রনি বেপারীর পরিবারকে বাড়িতে পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও কারো বক্তব্য নেয়া যায়নি।

You might like