রূপগঞ্জে বিদেশি পিস্তল সহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদ সহ মাহফুজ মিয়া (২২) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মিছিল আলীর ছেলে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গতকাল (১ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ভুলতা গোলাকান্দাইল এলাকায় অবৈধ অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এতে মাহফুজ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়। মাহফুজের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আমাদের সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকবে। কেউ যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরী করতে না পারে সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে থাকবো। এদিকে, অস্ত্র সহ গ্রেফতারকৃত মাহফুজ মিয়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের একাধিক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

You might like