

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে জমিজমা বিরোধের জের ধরে আনিসুর রহমান নামে এক কৃষকের কলা ও নারিকেল,সুপারীসহ শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। আনিসুরের চাষ করা জমিকে নিজের দাবী করে আহম্মেদ হোসেন শাহরিয়া গাছগুলো কেটে জমি দখলে নেয়ার চেষ্টা করছে ।

ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আনিসুর রহমান নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে ঘটনাস্থলে গেলে আনিসুর রহমান জমির পরিচিতি ও মালিকানা কাগজপত্র দেখান। এমন সময় সেখাণে আহম্মেদ হোসেন শাহরিয়া উপস্থিত হয়ে জানান তাদের জমি ভুল রেকর্ড হওয়ায় আনিস জবর দখলে রেখে ভোগ করছে।
এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আইউব আলী তালুকদার বলেন, এ জমি আনিসুর রহমানের পিতা মাতার নামে রেকর্ডভুক্ত। দীর্ঘ দিন ধরে তারা এ জমি ভোগ দখল করে আসছেন।
এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, ঘটনা তদন্তের জন্য এস আই নুরুল আমিনকে দায়ীত্ব দেওয়া হয়েছে।







