কর্ম দিবসেও জাতীয় পতাকা উত্তোলন করেনি রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি সাব-রেজিস্ট্রি অফিস ভবনের সামনে ফ্লাগ স্ট্যান্ড থাকলেও কার্যদিবস কালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমন গুরুত্বপূর্ণ অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করে ধৃষ্টতা দেখানো হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সুধী মহল।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অফিসের প্রধান ফটকের পাশেই ফ্লাগ স্ট্যান্ড দাঁড়িয়ে আছে । অথচ সরকারি এসব দফতরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা হয়েছে, জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন প্রভৃতি, সকল মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ, জেলা ও দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ প্রাথমিক, সাব-রেজিস্ট্রি অফিস সমূহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে সকল কর্মদিবসে ‘বাংলাদেশের পতাকা’ উত্তোলন করতে হবে।

একাধিক গণমাধ্যমকর্মী বলেন, ৩০ লাখ তাজা প্রান ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এ লাল-সবুজের পতাকাটি অর্জন করতে পেরেছি। সরকারি কর্মকর্তাদের এহেন আচরন খুবই দুঃখজনক।’ এছাড়াও সরকারি দপ্তরের অনেক কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে আসেন না; জাতীয় পতাকা উত্তোলন করা হয়তো ভুলেই গেছে।

রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, আমি ব্যক্তিগত ছুটিতে আছি। অফিসের কারো হেঁয়ালি থাকলে খবর নিচ্ছি।

সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে তদারকি আছে কিনা জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে আমি অবগত নই। তবে খোঁজ নিচ্ছি।

You might like