

নিজস্ব প্রতিনিধি :
পূর্বঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই কার্যক্রম শুরু হয়। এর আগে প্যারিস রোড সংলগ্ন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ বাক্য পাঠ করান মেয়র মোঃ আতিকুল ইসলাম।
১২শ স্বেচ্ছাসেবী চারটি দলে ভাগ হয়ে প্যারিস খালের চারটি অংশে ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে। একটি দলের সাথে যুক্ত হয়ে ময়লা পরিষ্কার করতে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম হাতে গ্লাভস পড়ে নিজেই খালে নেমে যান।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র। তিনি বলেছেন, ‘ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে।’
মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী প্যারিস খাল পরিষ্কার শুরু করেছি। প্রথম ধাপে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া প্যারিস খালে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। পরিষ্কার অভিযানে আমার সাথে বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী যোগ দিয়েছে। দুইদিন আগে পরিদর্শনে এসে আমি সবাইকে খালের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি। অনেকে যার যার স্থাপনা সরিয়ে নিচ্ছে। নিম্ন আয়ের মানুষ সময় চেয়েছে। অন্যত্র চলে যাওয়ার জন্য আমি তাদেরকে একমাস সময় দিয়েছি। ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’
অভিযানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক প্রমুখ।










