

নিজস্ব প্রতিনিধি :
ঢাকাকে ব্র্যান্ডিং করার জন্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি কার্যকরী পরামর্শক কমিটি গঠনের আহবান জানান ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
এসম ডিএনসিসি মেয়র বলেন, ‘বর্তমান যুগ ব্র্যান্ডিংয়ের যুগ। বহির্বিশ্বে আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করতে পারি। বিশ্বের বুকে একমাত্র বাংলাদেশই মাতৃভাষার জন্য আন্দোলন করেছে। ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের যে জাতীয় শহীদ মিনার এটি সবাইকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানসমূহ সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে। আমি বিশ্বাস করি সঠিকভাবে এই ইতিহাস জানাতে পারলে বিদেশিরা বেড়াতে আসবে, বাংলাদেশ সম্পর্কে জানবে। ‘পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। এটি বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ ট্যুরিজিম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মোহাম্মদ জাবির, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক প্রমুখ।
দেশ-বিদেশের ৮০টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা শতাধিক স্টল ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। পর্যটন মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং ভিজিটরদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০টাকা। মেলার সমাপনি দিনে ভিজিটরদের উপস্থিতিতে এন্ট্রি টিকিটের ওপর গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।










