

স্বরূপকাঠি প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠিতে গলায় ফাঁস লাগিয়ে পলাশ মিস্ত্রী (২৮) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠী এলাকায়।

সোমবার নিহতের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, জিন্দাকাঠী এলাকার নির্মল মিস্ত্রীর ছেলে পলাশ মানষিক ভারসাম্য হারিয়ে গত দুই বছর ধরে অসুস্থবস্থায় এলাকায় ঘুরে বেড়াতো। রবিবার সন্ধ্যায় পলাশ বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।
খোঁজাখুজির একপর্যায়ে ওই এলাকার অনীল মৈত্রর ছেলে দিনেষ মৈত্রর পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা গাছের সাথে ঝুলন্তবস্থায় পলাশকে দেখতে পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেছারাবাদ থানার এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, নিহত পলাশ মানষিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে নেছারাবাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।










