কুসিক উপ- নির্বাচনঃ যাচাই বাছাইয়ে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা। ১৫-২-২৪

কুমিল্লা সিটি করপোরেশন উপ- নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেয়া চার প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা মো: ফরহাদ হোসেন। এসময় তিন জন প্রার্থী ও একজন প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রার্থিতা নিশ্চিত হয়েছে যে চার জনের তারা হলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার।

যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে।

You might like