

জাহাঙ্গীর আলম ইমরুল :
মাঝখানে আরমাত্র একটি দিন বাকী। আগামী ৯ মার্চ শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কুমিল্লা নগরী জুড়ে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা। অলিগলিতে ছুটে বেড়াচ্ছেন এক নারীসহ চার প্রার্থী। তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। পাশাপাশি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চলছে পরষ্পর বিরোধী সংবাদ সম্মেলন ও নানা অভিযোগ।

বুধবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাওনা টাকা উদ্ধার সংগ্রাম পরিষদ এর ব্যানারে আয়োজিত এ সংসাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন সিটি নির্বাচনে বাস প্রতীকের প্রার্থী সদরের সংসদ সদস্য হাজী বাহার এর মেয়ে তাহসিন বাহার সূচনার সমর্থক আনোয়ার হোসেন মিঠু। তিনি লিখিত বক্তব্য প্রদান কালে হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী নুর-উর রহমান তানিম। এসময় তিনি কুসিক নির্বাচনে ইশতেহার ঘোষণা ও সময়সাময়িক বিষয় উল্লেখ করেন।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনাকে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সমর্থনের পর সমর্থন দিয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ।
বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ সমর্থন ঘোষনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম সারওয়ার বলেন, ডা. তাহসিন বাহার সূচির বাস প্রতীকের পক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাবে।
অন্যদিকে সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী এলাকার ১০৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তাই সকল কেন্দ্রকে সমান গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি। বুধবার বিকেলে প্রচারণায় বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাহার মার্কেট, মনোহরপুর, সাত্তারখান এলাকা, সমবায় মার্কেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
সকালে নগরীর ৯নম্বর ওয়ার্ডের বাগিচাগাও এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বাস প্রতিকের প্রার্থী তাহসীন বাহার সূচনা।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন টেবিল ঘড়ি প্রতিকের মনিরুল হক সাক্কু।
অন্যদিকে কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় গণসংযোগ করেন হাতি প্রতিকের প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।







