কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচন: সূচনাকে সরকারি ভাবে নির্বাচিত ঘোষণা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১০ মার্চ ২০২৪

কুমিল্লা সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে নগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনাকে সরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার দুপুর একটার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাযার্লয়ে সরকারীভাবে তাহসিন বাহার সুচনাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

নবনির্বাচিত মেয়রের পক্ষে ফলাফলের কপি গ্রহণ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা মহানগর আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লা খোকন।

এসময় আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ নূরুর রহমানসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশেই ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সিটির এই উপনির্বাচন।

১০৫টি কেন্দ্রে সরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাক্কু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ২১ হাজার ৯৯৩ ভোট বেশি পেয়েছেন ডা. সূচনা।

এর আগে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ভোটের মাঠে সূচনা এবারই প্রথম, আর প্রথম বারেই বাজিমাত করলেন তিনি। বিজয়ী হয়ে ফিরলেন ঘরে। আর বিজয়ী হয়েই তিনি প্রধানমন্ত্রীর সাথে মোবাইলে কথা বলেন।

এছাড়াও, অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ১১৫টি । মোট ভোটের শতকরা হার ৩৮.৮২ ভাগ।

উল্লেখ্য, ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালে মারা যান। এরপর কুসিকের মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। শনিবার এ উপ- নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রের ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

You might like