নীতিমালা অনুযায়ী বেসরকারি মেডিকেলের তৃতীয় মাইগ্রেশন চান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি মেডিকেল কলেজে তৃতীয় মাইগ্রেশন এর দাবিতে প্রেসক্লাব ও ডিজিএমই তে বিক্ষোভ করল শিক্ষার্থীরা। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে তৃতীয় মাইগ্রেশন সম্পন্ন না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) নির্দেশনার ৬ নম্বর অনুচ্ছেদের ৬.১ ও ৬.৩ ধারা অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় কলেজেই সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ থাকার কথা। কিন্তু দেখা গেছে কেবল সরকারি কলেজগুলোতে তিনটি মাইগ্রেশন হয়েছে, আর বেসরকারি কলেজের শিক্ষার্থীদের তৃতীয় মাইগ্রেশন দেয়া হয়নি।

একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তৃতীয় মাইগ্রেশন দেওয়া কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। নীতিমালায় যা স্পষ্টভাবে বলা আছে, তা বাস্তবায়ন না করা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা।”

তাদের দাবি বিএমডিসি কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৬.৩ অনুচ্ছেদে তিন দফা মাইগ্রেশনের কথা উল্লেখ থাকলেও তা কার্যকর হয়নি। শিক্ষার্থীরা বলছেন, একই নীতিমালার অধীনে সরকারি মেডিকেল কলেজে তিনটি মাইগ্রেশন দেয়া হলেও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে দুইটি মাইগ্রেশন হয়েছে। একই শিক্ষা ব্যবস্থায় থেকে একপক্ষ সুযোগ পেলেও অন্যপক্ষ বঞ্চিত হওয়া সরাসরি বৈষম্য। নীতিমালা যখন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তখন এর ব্যত্যয় ঘটানো কোনোভাবেই যৌক্তিক নয়।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, তৃতীয় মাইগ্রেশন সম্পন্ন করা কোনো দয়া নয়, এটি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার। তাদের দাবি, অবিলম্বে তৃতীয় মাইগ্রেশন কার্যকর করতে হবে, নইলে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তারা।

তাদের মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও স্বপ্নকে উপেক্ষা করা রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। তাই নীতিমালা মেনে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

You might like

About the Author: priyoshomoy