সেতু-কালভার্ট নির্মাণ ও পানি প্রবাহ সচল রেখে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণের দাবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে বারোমাসি (অলওয়েদার) সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার বাসিন্দারা।

শুক্রবার বেলা ১১ টার দিকে মধ্যনগর আখড়া সংলগ্ন মধ্যনগর – কলমাকান্দা মেঠোপথে দুই উপজেলাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

‘দাবি মোদের একটাই,বারোমাসি রাস্তা চাই ’ স্লোগানে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য, সামাজিকতা ও আত্বীয়তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কিন্তু সারা বছর চলাচলের উপযোগী সড়ক না থাকায় দুই উপজেলার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও মধ্যনগরের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন মধ্যনগর আখড়া ঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক স্থায়ীভাবে নির্মাণ করা হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।এতে করে রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। তাঁদের মতে সড়কটির প্রয়োজনীয় অংশে দুই থেকে পাঁচ ফুট মাটি ভরাট এবং কয়েকটি সেতু ও কালভার্ট নির্মাণ করলেই তুলনামূলক কম ব্যয়ে সারাবছর চলাচলের উপযোগী করা সম্ভব। তবে সড়ক নির্মাণের ক্ষেত্রে খাল ও জলাধারের স্বাভাবিক পানি প্রবাহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

তাদের ভাষ্য সড়কটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি নেত্রকোনা জেলা সদর ও রাজধানী ঢাকার সাথে যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।এ জন্য কলমাকান্দার কৃতি সন্তান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃশ্য আকর্ষণ করেন তাঁরা।একই সঙ্গে দ্রুত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন,মধ্যনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, চিকিৎসক মুক্তাদির হোসেন সুজন, কবি অসীম সরকার, কৃষক প্রণয় সরকার, অটোরিকশা চালক কাজল সরকার,শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসূল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয় প্রমুখ।

প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy