

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহহীনদের জন্য সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর অবৈধ দখলদার প্রভাবশালীদের হাতে নেওয়ার অভিযোগ উঠেছে। কতিপয় ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে।
উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দ ১৪টি ঘরের মধ্যে দুটি ঘর স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে রেখেছেন। অন্যদিকে, দুটি ঘরে রয়েছেন ভাড়াটিয়া।

জেসমিন বেগম নামে এক ভাড়াটিয়া জানান, যাঁরা ঘর বরাদ্দ পেয়েছেন, তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত । তাই তাঁদের সঙ্গে কথা বলে তিনি ওই ঘরে থাকছেন। এর পাশাপাশি, একটি ঘরে মুরগি পালন করতে দেখা গেছে। অনেক সুবিধাভোগী বরাদ্দ পাওয়া ঘর রেখে অন্যত্র বসবাস করছেন।
স্থানীয়দের অভিযোগ,বিগত সরকারের সময়ে কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাবে এসব ঘর বরাদ্দ পেয়েছেন, যদিও তাদের অনেকেই প্রকৃত অর্থে ভূমিহীন নন। এর ফলে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেই সব অসহায় মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয়দের দাবি, যাঁরা বরাদ্দ পেয়েও ঘরে থাকছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করে নতুন করে ভূমিহীনদের পুনর্বাসন করার।
এদিকে পৌর এলাকার ভাটিরগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৭টি ঘরের মধ্যে পাঁচটি ঘরে লোকজন থাকে না বলে অভিযোগ আছে। একই অবস্থা রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আশ্রয়ণ প্রকল্পেরও। সেখানেও পাঁচটিতে কেউ থাকে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, যদি কোনো উপকারভোগী ঘরে না থাকেন, তাহলে তাঁদের কবুলিয়ত (জমির মালিকানার দলিল) বাতিল করে নতুনভাবে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন করে দেওয়া হবে।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫













