

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে সংঘটিত দুর্নীতি, লুটপাট ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে ঢাকার দোহার উপজেলায় ৭অক্টোবর মংগলবার এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম,দোহার শাখার গ্রাহকেরা। যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক, যা দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে পরিচিত, সেখানে গত প্রায় সাত বছর ধরে একটি প্রভাবশালী মাফিয়া চক্র কর্তৃত্ব করছে। এই চক্রের নেতৃত্বে রয়েছে আলোচিত ব্যবসায়ী ও ক্ষমতাধর গোষ্ঠী এস আলম গ্রুপ, যারা রাজনৈতিক প্রভাব ও আর্থিক শক্তি ব্যবহার করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এই সময়কালে ব্যাংকে হাজার হাজার কোটি টাকার অনিয়মিত ঋণ বিতরণ, সংশ্লিষ্টদের আত্মীয়স্বজনকে অদক্ষভাবে নিয়োগ, এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন: “গ্রাহকের আমানত রক্ষায় ইসলামী ব্যাংকে একটি শক্তিশালী, দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।”
তাদের আরও দাবি,
অবিলম্বে ২০১৭-২০২৪ সময়কালে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে ছাঁটাই করতে হবে এবংএস আলম গ্রুপসহ সংশ্লিষ্ট মাফিয়া চক্রের লুটপাটের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা, এবং তারা বলেন, “নিয়ন্ত্রক সংস্থার নীরবতা এই দুর্নীতিকে উৎসাহ দিয়েছে।”
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জানিয়েছে, যদি তাদের দাবিগুলো বাস্তবায়ন না হয়, তবে তারা সারা দেশে গ্রাহক আন্দোলনের ডাক দেবে।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫














