

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
আগামী জাতীয় নির্বাচনে প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডাব্লিউডিডিএফ), ঢাকার উদ্যোগে এবং উইমেন্স ফান্ড এশিয়া (ডাব্লিউএফএ) এর সহযোগিতায়। কারিগরি সহায়তা প্রদান করে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর।

আলোচনা সভায় প্রতিবন্ধী নারীদের জাতীয় পর্যায়ের উপদেষ্টা কমিটির সঙ্গে স্থানীয় প্রতিনিধিরা মতবিনিময় করেন। সভার প্রথম পর্বে উঠে আসে প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, নেতৃত্বে আসার সুযোগ, এডভোকেসি ও প্রতিনিধিত্বকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা। পাশাপাশি প্রতিবন্ধিতার কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন-জীবিকার যে সমস্যাগুলো তারা মোকাবিলা করেন, তা নিয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে তাঁদের জন্য বিশেষ সহায়তা ও সুযোগ তৈরি করা জরুরি।
আলোচনার দ্বিতীয় পর্বে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ এর তাৎপর্য তুলে ধরা হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাব উজ্জামান এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সভাপতিত্ব করেন সিডিএ, এর সহায়তায় গঠিত দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য জাকিয়া সুলতানা লাভলী এবং সঞ্চালনা করেন সিডিএ’র সহায়ক (ভিন্নভাবে সক্ষম ডেস্ক) অনামিকা পান্ডে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার মো. আশরাফুল আলম।
আয়োজকরা জানান, এই আলোচনা সভার মাধ্যমে প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক অধিকার ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫















