

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৬ অক্টোবর ২০২৫
সারা দেশের সাথে একযুগে কুমিল্লা শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের দিক থেকে এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ- ৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৭৪৯, ছেলেরা জিপিএ- ৫ পেয়েছে ৯৫৮ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ফলাফল ঘোষাণা করেন। এসময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন, উচ্চমাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্ উদ্দিনিউপস্থিত ছিলেন।
চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২। পাশ করে মোট ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৩০ হাজার ৭০১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৫টি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, কেন্দ্র ভ্যানু পরিবর্তন হওয়া, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন এসব কারণে ফলাফল নিম্নগামী।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫















