

মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নি-খোঁ-জ হয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলার মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদের স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নি-খোঁ-জ শিক্ষার্থীরা হলেন-মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদের রশিকপুর স্লুইস গেটে এলাকায় গোসল করতে নামেন। এ সময় নদীতে স্রোত প্রবল থাকায় তানভীর ও কৌশিক তলিয়ে যান। সহপাঠী ও আশপাশের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, ডুবুরি দল পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫













