দোহার পৌরসভায় হাট-বাজারে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

দোহার পৌরসভাধীন হাট-বাজার এলাকাগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে শুরু হয়েছে “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০২৫”। বুধবার (২২ অক্টোবর) সকালে ইউসুফপুর বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব তাসফিক সিবগাত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, এটি নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাট-বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা, প্রতিদিন দোকানের আশপাশ পরিষ্কার রাখা, এবং ড্রেনেজ ব্যবস্থাকে সচল রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। এ ছাড়া, মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত জীবাণুনাশক ছিটানোর ওপর জোর দেন।রাস্তা খালি রেখে দোকানপাট বসা ও বাজার কমিটি গঠনের উপর জোরারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ ও সহকারী ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম।

নির্বাহী ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া এটি টেকসই হবে না। সবাই মিলে মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসতে হবে।”

সহকারী ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম বলেন, “হাট-বাজারে যেন কোনো পানির জমা না থাকে, সে বিষয়ে ব্যবসায়ী ও দোকানিদের সচেতন থাকতে হবে। নিয়মিত পরিষ্কার অভিযান চলবে।”

ইউসুফপুর বাজারে এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য, সাধারণ জনগণ এবং পৌরসভার সেবাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকালে বাজার পরিচ্ছন্নকরণ, ময়লা অপসারণ, জীবাণুনাশক ও মশানাশক স্প্রে এবং জনসচেতনতামূলক প্রচারণা পরিচালিত হয়।

পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, দোহার পৌরসভার আওতাধীন অন্যান্য হাট-বাজারেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হবে। প্রতিটি বাজার এলাকায় মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধনের কার্যক্রম চলবে এবং বাজার ব্যবসায়ীদের দাবি ওয়াশরুম স্থাপনেরও প্রতিশ্রুতি দেন।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy