

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা):
বাংলাদেশে তরুণ প্রজন্মের ভাষাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে অবদান রেখে চলেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সংস্থার দোহার সিডিপি আয়োজিত “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে গত ২৯ অক্টোবর (বুধবার) দোহার উপজেলা অডিটোরিয়ামে।
এতে উপজেলার ১৮টি উচ্চ বিদ্যালয় থেকে বাছাইকৃত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন গুড নেইবারস্ দোহার সিডিপি’র সহকারী ব্যবস্থাপক মি. উৎসব বৈরাগী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ইংরেজি ভাষা শেখা আত্মবিশ্বাস ও মানবিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের মানবাধিকার, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করেন এবং আরও যোগ করেন, “শিক্ষা মানে কেবল বইয়ের জ্ঞান নয়, এটি দায়িত্বশীল নাগরিক হওয়ার পথ।”
বেলা ১১টায় শুরু হয় লিখিত প্রতিযোগিতা, যা পরিচালনা করে সাত সদস্যের শিক্ষক কমিটি। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় একটি ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
গুড নেইবারস্ বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে মি. ম্যাথিউ সুজন মন্ডল বলেন, “২০০৯ সাল থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের শুধু নিজের উন্নয়নে নয়, সমাজের কল্যাণেও এগিয়ে আসতে হবে।” তিনি শিক্ষার্থীদের ‘Hope Box’ কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করেন, যা তাদের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসফিক সিবগাত উল্লাহ। তিনি বলেন, “ইংরেজি শেখা আজ একটি অপরিহার্য দক্ষতা, যা ভবিষ্যতের বাংলাদেশকে আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”
এ বছর প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল— প্রধান অতিথির পাশে আসন গ্রহণ করেন শিক্ষার্থী প্রতিনিধি আননূর আরা সুহানি এবং শিক্ষক প্রতিনিধি আতিকুর রহমান। এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্ব বিকাশের প্রতীক হিসেবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন তাসফিক সিবগাত উল্লাহ।
দোহার সিডিপি’র কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা দোহারের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা, মানবাধিকার সচেতনতা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকগণ।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫















