

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো এবং চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই এখন সময়ের দাবি।” তারা সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সালাহ উদ্দিন আহমেদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শনিবার, ০১ নভেম্বর ২০২৫















