

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
২৪ এর গণ অভ্যুত্থান চোখে দেখার সুযোগ হয়নি। সে সময় আমি বিদেশের মাটিতে অবস্থান করেছি। বিদেশের মাটিতে বসে সার্বক্ষণিক দেশের খোঁজ খবর রেখেছি। নির্বিচারে হত্যার দৃশ্য বিদেশের মাটিতে বসে দেখে মর্মাহত হয়েছি এবং নিজেই একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ইতোপূর্বে আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু জুলাই আন্দোলনের শুরুতে হত্যার দৃশ্যপট দেখে ওই দল থেকে পদত্যাগ করেছি।
শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারস্থ নারগিস ফুড প্যাভিলিয়নে চাঁদপুর-৫ আসন (হাজীগঞ্জ- শাহরাস্তি) দুই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনাইটেড পার্টির (বিইউপির) চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানীয়া উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন , শেখ হাসিনা কেন পালিয়েছে সেটা জানে দুই জন ব্যক্তি। এক শেখ হাসিনা নিজে ও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর যারা এ বিষয়ে বলি সব শুনা কথা। এসব কথার কোন ভিত্তি নাই। আমি জুলাইকে সমর্থন করি। যে রাজনীতিতে হত্যা নাই, মৃত্যুর মিছিল নাই আমি সেই রাজনীতি সৃষ্টি করতে চাই। এ জন্যই আমি নতুন দল গঠন করে জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই।
গণভোট সম্পর্কে তিনি বলেন, গণভোটের দরকার নেই এ মূহুর্তে নির্বাচন দরকার। তার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে জুলাই গণহত্যার বিচার হতে হবে।
তিনি জানান, আমার দল এখনো নিবন্ধন পায়নি। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে তা নাকি হাওয়া হয়ে গেছে। আমি রিট আবেদন করেছি। ২/১ সপ্তাহের মধ্যে আশা করছি ফলাফল পেয়ে যাবো।
হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীগন।
প্রসঙ্গতঃ বিইউপি একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। দলের মূল ভিত্তি ৪ টি- সততা, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম।
এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত। জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা সহ নানাবিধ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দলটি কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণ ও তাদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।
তাছাড়া চূড়ান্ত দলিলের মাধ্যমে দলটি ঘোষণা করছে “বাংলাদেশ ইউনাইটেড পার্টি” একটি আন্দোলন, একটি দায়িত্ব, একটি স্বপ্ন কোনো একক ব্যক্তির নয়, সমগ্র জাতির জন্য।
সংবাদ সম্মেলনে তিনি সকলকে দেশের স্বার্থে একতাবদ্ধ থেকে একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে এগিয়ে নিতে আহ্বান জানান।
রোববার, ০২ নভেম্বর ২০২৫















