

গোলাম নবী খোকনঃ চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে। তাহলেই সমাজ ও দেশ বদলে যাবে।
তিনি আরও বলেন, যত ৩১ দফাই বলা হোক বা যত সংস্কারের কথা বলা হোক, সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে আগে নিজেকে বদলাতে হবে। নিজের ঘর, গ্রাম, সমাজ সবকিছু পরিবর্তনের শুরু হোক নিজের বিবেক থেকে। যদি আমরা মন ও চিন্তায় পরিবর্তন না আনতে পারি, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের চরহরিগোপ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মনকে বড় করতে হবে। সংকীর্ণ মন নিয়ে কোনো কিছু জয় করা যায় না। তাই আমি সবাইকে আহ্বান জানাই নিজেদের পরিবর্তনের চেষ্টা শুরু করুন। নিজের জন্য না হোক, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিবর্তনের পথে এগিয়ে আসুন। ত্যাগ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়।
বিএনপি নেতা তানভীর হুদা বলেন, ভোট দেওয়ার পরিবেশ পেলে মতলবে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সবসময় বিএনপিকে সমর্থন করেন। এর প্রমাণ আপনারা আমার বাবা মরহুম নুরুল হুদাকে বারবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। তিনি ছিলেন মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। বিএনপি সংখ্যালঘু-অসংখ্যালঘু বলে কিছু মানে না, সবাই বাংলাদেশি নাগরিক। দেশ, সমাজ ও গ্রামের উন্নয়নে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমার মা, ভাই বা সন্তানের যে অধিকার, দেশের প্রতিটি নাগরিকের সেই সমান অধিকার। দেশের শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমান জনগণের এই প্রত্যাশা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তানভীর হুদা বলেন, তারেক রহমান এই সময়ের পরিবর্তনের রাজনীতির নেতা। তিনি যা বলেন, তা বাস্তবায়নের জন্যই বলেন। রাষ্ট্র মেরামতে তাঁর ঘোষিত ৩১ দফার বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। মতলবের প্রতিটি ঘরে বিএনপির ঐক্য, শান্তি ও ইনসাফের বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করছি, সেখানে আপনারাও অংশগ্রহণ করতেছেন।
মতবিনিময় সভায় চরহরিগোপ গ্রামের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ক্ষিতীশ চন্দ্র সরকার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সুনিল চন্দ্র সূত্রধর, জহরলাল সূত্রধর, প্রিয়লাল সূত্রধর, গনেশ বৈদ, রাম প্রসাদ, বিশ্বজিৎ , বৈদ্য, নিত্যলাল সূত্রধর, সংকর সরকার সহ অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
রোববার, ০২ নভেম্বর ২০২৫















