নারী ও শিশু সুরক্ষা : প্রয়োজন সমন্বিত ও টেকসই সামাজিক আন্দোলন

সম্পাদকীয়
প্রিয় সময়ে ‘কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যম কন্যাশিশুর প্রতি গুরুত্বের বিষয়ে আমরা জানতে পেরেছি। কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত অ্যাডভোকেসি ডায়ালগটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩০ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচি আমাদের সমাজের একটি ক্ষতবিক্ষত বাস্তবতাকে আবারো সামনে নিয়ে এসেছে। এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে, নারী ও শিশু সুরক্ষা কেবল কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নারী ও কন্যাশিশুর প্রতি শারীরিক, মানসিক এবং সামাজিক সহিংসতার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামের মতো প্রান্তিক জনপদে এ সমস্যাগুলো অনেক সময় লোকচক্ষুর আড়ালে থেকে যায়। দারিদ্র্য, বাল্যবিবাহ এবং সচেতনতার অভাব এ সহিংসতাকে আরো উসকে দিচ্ছে। ডায়ালগে বক্তারা যথার্থই বলেছেন যে, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে এ ব্যাধি নির্ম‚ল করা সম্ভব নয়; এর জন্যে প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ। একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্যে নারী ও শিশুর নিরাপত্তা অপরিহার্য। যখন কোনো কন্যাশিশু অনিরাপদ পরিবেশে বেড়ে ওঠে, তখন তার বিকাশের পথ রুদ্ধ হয়, যা’র নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজের ওপর। ব্র্যাকের এ উদ্যোগে সমাজসেবা, শিক্ষা, সমবায় ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের অংশগ্রহণ আশার আলো দেখায়। কারণ, যখন প্রশাসনের নীতিনির্ধারকগণ এবং মাঠপর্যায়ের কর্মীরা এক টেবিলে বসে সমস্যার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন, তখন কার্যকর সমাধানের পথ প্রশস্ত হয়। তবে এ ডায়ালগ বা আলোচনা যেন কেবল কক্ষের ভেতরেই সীমাবদ্ধ না থাকে। বক্তারা যে সমন্বিত উদ্যোগের কথা বলেছেন, তার সফল বাস্তবায়ন প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা সহজলভ্য করা এখন সময়ের দাবি। পাশাপাশি, সহিংসতার বিরুদ্ধে কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

পরিশেষে আমরা বলতে চাই, কুড়িগ্রামের এ অ্যাডভোকেসি ডায়ালগ যেন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নির্ম‚লে একটি মাইলফলক হিসেবে কাজ করে। সরকারি-বেসরকারি এ অংশীদারিত্ব মাঠপর্যায়ে আরো জোরালো হবে এবং একটি নিরাপদ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণে ভ‚মিকা রাখবেÑএটাই আমাদের প্রত্যাশা। সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা কোনো দয়া নয়, বরং এটি নারী ও শিশুদের মৌলিক অধিকার।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy