কারণ আমি নারী : ক্ষুদীরাম দাস

কারণ আমি নারী-
আমি ফিরবো নিজের কাছে; আর আগাবো না;
আমি ক্যারিয়ার গড়বো-সফল হবো-সমাজ বদলাবো;
কিন্তু আমার হৃদয়ের মাধুর্য আগলে রাখবো।

কারণ আমি নারী-
আমার চোখে কোমলতা থাকবে-যেটা ভালোবাসা তৈরি করে।
আমার কণ্ঠে শান্তি থাকবে-বিতর্ক নয়।
আমার অস্তিত্ব আলোকিত হবে-আগুন নয়।

কারণ আমি নারী
এ পরিচয়েই আমি পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টির প্রতীক।
আমি ফিরবো নারীত্বের মযাদায়;
কেননা একদিন যেন বলতে না হয়“একটা প্রজন্ম ছিলো;
যারা নারী হয়ে জন্ম নিয়ে পুরুষ হতে গিয়ে
হারিয়ে গেল নারীত্বের শাশ্বত সৌন্দর্য।”

কারণ আমি নারী-
ভুল পথের যাত্রী হয়ে মাথা উঁচু করে হাঁটি,
আমি প্রফেশনাল লাইফে সফল-চারপাশে উজ্জ্বল;
কিন্তু নিজের সাথেই একটা গভীর দ্বন্দ্বে ভুগছি।
আমার স্বাধীনতার আড়ালে জমছে শূন্যতা-নিঃসঙ্গতা-আর অপ্রাপ্তির দীর্ঘশ্বাস;
এসব আমি মুখে বলি না; তবুও প্রতিটি নিঃশ্বাসে বেজে ওঠে।

কারণ আমি নারী-
আমি নীরব যন্ত্রণা নিজেই অনুভব করি।
কারণ আমি নারী-
আমার প্রকৃত স্বাদ হলো মাতৃত্ব ও সাজানো পরিবার;
আমি ভারসাম্য হারাতে চাই না।

কারণ আমি নারী-
আমার স্বাধীনতা পূর্ণতা করতে জানি;
কখন সেটি দায়িত্ব, সহমর্মিতা এবং আত্মিক ভারসাম্যে এগোয়।

কারণ আমি নারী-
আমি সৃষ্টির আধার, সভ্যতার বীজধারিণী;
ইতিহাসের সূচনা বিন্দু;
আমি মাতৃত্বের অন্তর্জাগতিক সৌন্দর্য।
আমি সমগ্র জীবনের আবরণ-
আমার স্পর্শেই জাগে স্নেহ;গড়ে ওঠে মানবতা।

You might like