

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক চারটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সকালে আসামিরা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো চার নেতা হলেন: মো. আনিস প্রধান (তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা) মিনহাজুর রহমান শুভ (পৌর যুবলীগের সভাপতি পদপ্রার্থী) মো. আরিফুল ইসলাম আরিফ (উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) মো. ছোটন আহমেদ (উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক)
আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে তাড়াশ থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এছাড়া, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। এই চারটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল আইনি কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে জানান: অভিযুক্তরা আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এসব মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্ত থাকলেও অনেকে বিভিন্ন মেয়াদে জেল খাটছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

















