মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন

হিরক খাঁন, মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ।

এ সময় মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন মেহেরপুর জেলার তিনটি উপজেলা ও দুটি পৌরসভার মোট ৪৭৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. আব্দুস ছাত্তার, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন।

বক্তারা সকল অভিভাবকদের আগামী ২৮ জুন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy