যশোর শহরতলীর সন্ত্রাসী চশমা সাইদকে গলা কেটে হত্যা

মালিকুজ্জামান কাকা :
যশোর শহরতলীর চিহ্নিত সন্ত্রাসী কয়েক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি ধারালো চাকু পড়ে ছিল। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আটকে পুলিশ অভিযানে রয়েছে।

প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy