

মাসুদ রানা, কুড়িগ্রাম -২৭.০৬.২৬
কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রাশেদুল ইসলাম বলেন, “দাবা শুধু একটি খেলা নয়, এটি মেধা ও মননের বিকাশ ঘটায়। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে দূরে রাখতে এ ধরনের বুদ্ধিবৃত্তিক খেলার আয়োজন আরও বেশি করা প্রয়োজন। কুড়িগ্রামের এই মেধা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “জেলা পরিষদ সবসময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে আছে। ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা ক্রীড়া সংস্থাকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। দাবা খেলোয়াড়দের ধৈর্য ও কৌশল শেখায়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।”
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হুদা লাকু, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক এবং জাতীয় দাবা বিচারক মোজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা কুড়িগ্রামে নিয়মিত দাবার আসর আয়োজনের ওপর জোর দেন।
উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মুহতাসিম ফুয়াদ জিম। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আরিফুর রহমান বিপ্লব এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ফাহাদ আল ফারাবী।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন, রানার আপসহ শীর্ষ ১৫ জন বিজয়ীর হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। জেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সুধীসমাজ।

















