

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারি করণের লক্ষ্যে দানপত্র দলিল সম্পাদন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে মেহের ডিগ্রি কলেজ মিলনায়তনে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। অথচ একটি দল বিএনপিকে সংসদে ও সংসদের বাইরে রাজনৈতিক ভাবে হেয় করছে। আমার নির্বাচনী এলাকার কোথাও অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজির ঘটনা ঘটলে আপনারা আমাকে জানাবেন সেগুলো কঠোর ভাবে প্রতিহত করা হবে। বিএনপি দেশ ও দেশের মানুষের শান্তির কথা চিন্তা করে সব সময় কাজ করছে। ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সাধারণ মানুষের নিরাপদ ও শান্তিতে বসবাসের জন্য কাজ করে যাবো।
তিনি আরো বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারি করণের লক্ষ্যে আজ ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের সম্পদ, নগদ ১৬ লাখ টাকা এবং ২. ৪১ একর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
কলেজের ভাইস প্রিন্সিপাল জিয়া উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি ও মেহের ডিগ্রি কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গণি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারী, কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী।
আলোচনা শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের হাতে হস্তান্তর করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.














