

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর মাসকে ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে টানা ৬ বারের মতো এমন কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাবের হলরুমে রক্তিম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চর্যাপদ একাডেমির কার্যক্রমগুলো দেখে আসছি। এই প্রতিষ্ঠানের বই উপহার কর্মসূচি আমাকে বেশি মুগ্ধ করে। বই উপহার নিয়ে এতো নিবেদিতভাবে আর কোনো সংগঠন কাজ করে কিনা আমার জানা নাই।
তিনি আরও বলেন, আগামীতেও চর্যাপদ একাডেমির এই আয়োজনের সঙ্গে থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করবো।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক সংগঠনের নেতা বীরমুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশার, জাফরানী স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নাট্যজন ও সাংবাদিক কেএম মাসুদ, নারী নেত্রী ইশিতা বেগম, রেলওয়ে কিন্ডারগার্টের অধ্যক্ষ মাহমুদা খানম ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর, চাঁদপুর ল কলেজের প্রভাষক রোজিনা বেগম চৌধুরী, একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম ও সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।
সংগীত পরিবেশন করেন খোকন দাস।
বই উপহার মাসের আহ্বায়ক ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলবে বই উপহার কর্মসূচি। মাসজুড়ে প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার টার্গেট আছে। গত ৭ বছরে প্রায় সাড়ে ১৩ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’
সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করতে, মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়াতে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুরো অক্টোবর মাসব্যাপী প্রতিদিন পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও বই উপহার দেওয়া হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে বই।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০১৯ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন শুরু করেছিলো এ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে দেশীয় পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.














