শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে আড্ডা, ১৬ শিক্ষার্থী আটক

মোঃ কামরুজ্জামান সেন্টু :

চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্র ওয়াকওয়েতে ঘোরাঘুরি করার সময় ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছেলে ও ৬ জন মেয়ে। তারা শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওয়াকওয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলো। পরে তাদের থানায় নিয়ে অভিভাবকদের খবর দেয়া হয়। অভিভাবকদের উপস্থিতিতে সতর্ক করে তাঁদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, কিশোর গ্যাং নির্মূল, অপরাধ প্রবণতা রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত:  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like