চাঁদপুরে মা ইলিশ অভিযান: ৪ জেলে আটক, নৌকা ও কারেন্ট জাল জব্দ

অভিযানকালে প্রশাসনের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রণগোয়াল এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে চার জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় একটি নৌকা ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা এনএসআই, চাঁদপুরের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ-পুলিশ ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় জেলেরা প্রশাসনের ওপর উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করেন বলে জানা গেছে। এ সময় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পরিস্থিতির মধ্যে স্থানীয় জেলেরা এলাকায় থাকা অন্যান্য নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল নিয়ে যান বলে জানা গেছে।

মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

প্রকাশিত: শনি বার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy