সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান গ্রেফতার

নেছারাবাদ প্রতিনিধি :

পিরোজপুর নেছারাবাদের বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি রাজনৈতিক মামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। মামলায় ১৮ জনকে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানকে ১৪ নম্বর নামীয় আসামি করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like