সিরাজগঞ্জ তাড়াশে বিদ্যালয়ের তিনতলা ভবনের বারান্দা থেকে পড়ে ছাত্র আহত

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের,তাড়াশে,বিদ্যালয়ের তিনতলা ভবনের বারান্দা থেকে পড়ে মো. আরাফাত হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবউ এইচ.এস উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরাফাত হোসেন উপজেলার নবীপুর গ্রামের শহিদুল ইসলাম কুটির ছেলে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে আরাফাত বিদ্যালয়ে যায়। তবে ক্লাস শুরুর আগেই সে বিদ্যালয়ে পৌঁছায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বিদ্যালয়ের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন আহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ও রেলিংয়ের অভাব এবং শিক্ষকদের যথাযথ নজরদারি না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়মিত সময়মতো উপস্থিত হন না। দুর্ঘটনার সময়ও বিদ্যালয়ে কোনো শিক্ষক ছিলেন না বলে তারা দাবি করেছে।

এ বিষয়ে বানিয়াবউ এইচ.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান দুলাল বলেন, “ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসি।”

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের ভবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy