

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরে পরিবেশ দূষণের দায়ে নাজির গাজী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি উন্মুক্তভাবে বসতবাড়ির মধ্যে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। ওই বর্জ্য থেকে নির্গত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে সংলগ্ন নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি করছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।

এ ঘটনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নাজির গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপসারণ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য খামারিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন, চাঁদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এ সময় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.














