

ঢাকার দোহার উপজেলায় গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির উদ্যোগে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে দোহার উপজেলা অডিটোরিয়াম ভবনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী সেরা ৫ জন বিজয়ীর হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

গুড নেইবারস দোহার সিডিপির ম্যানেজার বিমল গোরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফখরুল আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল আশরাফ বলেন, “এমন সুন্দর ও শিক্ষণীয় একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য গুড নেইবারস দোহার সিডিপিকে ধন্যবাদ জানাই। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাবিকাশ ও মেধার স্বাক্ষর রাখার সুযোগ পাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিপি সদস্য বজলুর রহমান। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.














