

প্রেস বিজ্ঞপ্তি :
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও নির্যাতনের পরও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন ও হতাশার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী।

খোলা চিঠিতে তিনি বলেন, দল সরকার গঠন করেছে, কিন্তু এই পথ সহজ ছিল না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ লাখ লাখ নেতাকর্মী ১৭ বছর রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে থেকেছেন। গুম, খুন, গ্রেপ্তার, জেল-জুলুম সহ্য করেও দল ছাড়েননি।
তবে সরকার গঠনের পর তৃণমূলের অনেক কর্মী ভালো নেই বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, কর্মীরা অর্থ-সম্পদ চান না, তারা চান সামান্য সম্মান, একটু ভালো ব্যবহার, বিপদে পাশে দাঁড়ানোর আশ্বাস।
তিনি অভিযোগ করেন, অনেক দায়িত্বশীল ব্যক্তি নিজেদের চারপাশে এমন বলয় তৈরি করেছেন যেখানে তৃণমূল কর্মীদের প্রবেশ সীমিত। ফোন করেও নেতাদের পাওয়া যায় না, সালাম দিলেও উত্তর মেলে না। বিরোধী দলে থাকাকালীন যে স্নেহ-ভালোবাসা পাওয়া যেত, সরকারে আসার পর তাতে দূরত্ব তৈরি হয়েছে।
নিজের প্রসঙ্গে তিনি বলেন, শুধু বিএনপি করার অপরাধে তাকেও মামলার আসামি হতে হয়েছে এবং ১৭ বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে তিনি ৫টি অনুরোধ জানান — তৃণমূলের প্রকৃত অবস্থা জানার উদ্যোগ নেওয়া, মন্ত্রী-এমপিদের সঙ্গে কর্মীদের যোগাযোগ নিশ্চিত করা, ত্যাগী ও নির্যাতিতদের যথাযথ মূল্যায়ন, পদ-পদবির বাইরে গিয়ে খোঁজখবর নেওয়া এবং নিরপেক্ষভাবে প্রকৃত চিত্র জানার ব্যবস্থা করা।
তিনি বলেন, “ক্ষমতা একদিন থাকবে না, পদ-পদবিও থাকবে না; কিন্তু দুঃসময়ে যারা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, তাদের ত্যাগের ইতিহাস কখনো মুছে যাবে না। তৃণমূলের কর্মীদের অবহেলা নয়, সম্মান দিন।”
প্রকাশিত: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ খ্রি.














