তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুরের পুরান বাজার এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো পুরান বাজারের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিকেলে পুরান বাজারের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ কোম্পানির মোড়সংলগ্ন পূর্ব জাফরাবাদ এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। এ সময় তানিয়া ইশতিয়াক খান নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।

কম্বল বিতরণ কর্মসূচি প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান গণমাধ্যমকে বলেন, “কিছুদিন আগেও আমরা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। আসন্ন শীতে এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পান, সেই চিন্তা থেকেই বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়া আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, শীতের শুরুতেই এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা তানিয়া ইশতিয়াক খানের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কম্বল তাঁদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার এক উষ্ণ উপহার।

কম্বল বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy