ফুলছড়িতে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, চরম ভোগান্তিতে শতাধিক মানুষ

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালি গ্রামে ৪০ থেকে ৫০ বছরের পুরনো একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর পারিবারিক বিরোধের জেরে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ওই এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব উদাখালি গ্রামের প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ বংশপরম্পরায় গত ৪০-৫০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে যাতায়াত করে আসছেন। কিন্তু গত ৯ নভেম্বর একই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ মিয়া সহ কয়েকজন মিলে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফুল মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা রাস্তাটি বন্ধ করে দিয়ে ওই পথ দিয়ে কাউকে চলাচল করতে নিষেধ করেছেন এবং চলাচলের চেষ্টা করলে বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মো. ফুল মিয়া, ফারুক মিয়া, মান্নান হাজী ও ছালেহাসহ অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে চলাচল করতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কোমলমতি শিশুরা স্বাভাবিকভাবে স্কুলে যাতায়াত করতে পারছে না; তাদের জমির আইল দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তার আশপাশে পুকুর থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের নিজস্ব জায়গা কিনে চলাচলের রাস্তা তৈরি করার পরামর্শ দেন। ওসির এমন মন্তব্যে স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দ্রুত বন্ধ রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy